১০ ট্রাক অস্ত্র মামলার আসামি জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীকে হাজির না করায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাঁর পরীক্ষা হয়নি। অপর দিকে, মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিনের আবেদন করা হলে আদালত তা পরবর্তী ধার্য দিনে শুনানির জন্য রাখেন।
গতকাল বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান শুনানি শেষে ১৯, ২০ ও ২১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীকে চট্টগ্রামে আনা হয়নি। তাই তাঁর ৩৪২ ধারায় পরীক্ষা হয়নি। ১০ ট্রাক অস্ত্র মামলায় শুধু নিজামীর ৩৪২ ধারায় পরীক্ষা হয়নি। অন্য সব আসামি এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
পিপি আরও বলেন, আসামি বাবরের আইনজীবী মামলার কার্যক্রম স্থগিত রাখতে উচ্চ আদালতে আবেদন করেছেন। এ ছাড়া বাবরের জামিনের আবেদন করেন। আদালত আগামী ধার্য দিনে জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
২০০৪ সালের ১ এপ্রিল নগরের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। বর্তমানে মামলার আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা চলছে।