বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য চেয়ে ঢাকা জেলা পরিষদে ছয় মাস আগে আবেদন করা হয়েছিল প্রথম আলোর পক্ষ থেকে। কিন্তু কোনো তথ্য দেয়নি তারা। এবার এ বিষয়ে তথ্য কমিশনের শুনানিতেও উপস্থিত হননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরিবর্তে একজন আইনজীবী মারফত সময় প্রার্থনা করেছে পরিষদ।
গতকাল মঙ্গলবারের এই শুনানিতে একইভাবে হাজির না হয়ে সময়ের আবেদন করা হয় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পক্ষ থেকেও।
গতকাল ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা অভিযোগসহ নয়টি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিষ্পত্তি করা হয় ছয়টির আর সময় মঞ্জুর করা হয় তিনটির। প্রথম আলোর পক্ষ থেকে করা অভিযোগের নিষ্পত্তি হয় দুটির এবং সময় মঞ্জুর হয় দুটির। শুনানি গ্রহণ করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য চেয়ে আবেদনটি করা হয়েছিল গত ৮ জুলাই। ২০ কর্মদিবসের মধ্যে তথ্য দেওয়ার কথা থাকলেও পরিষদ তথ্য না দিলে এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার কাছে ৪ সেপ্টেম্বর আপিল করা হয়। এর পরও পরিষদ তথ্য না দিলে গত ১২ অক্টোবর তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
অন্যদিকে বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিভিন্ন প্রকল্পের ব্যয়ের হিসাবসহ গবেষণাবিষয়ক তথ্য চেয়ে আবেদন করা হয়েছিল গত ৬ জুলাই। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে আপিল করা হয় ৪ সেপ্টেম্বর। এরপর আংশিক তথ্য সরবরাহ করলে ৯ অক্টোবর অভিযোগ করা হয় তথ্য কমিশনে।
শুনানিকালে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, প্রথম আলোর পক্ষ থেকে করা চারটি অভিযোগের দুটিতে সময় প্রার্থনা করা হয়েছে। আবেদন আমলে নিয়ে সময় মঞ্জুর করা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য বিষয়ে সিদ্ধান্ত হবে আজ বুধবার।