হাজির হননি প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলমকে নিয়োগপত্র ও প্রয়োজনীয় নথিসহ গত বৃহস্পতিবারের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। নিয়ম লঙ্ঘন করে নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত ইউএনও মো. ইকবাল হোসেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত ২৯ এপ্রিল পরীক্ষা হয়। এতে দ্বিতীয় স্থানে ছিলেন মো. নূরুল আলম। তবে তৎকালীন ব্যবস্থাপনা কমিটি প্রথম স্থান অধিকারকারীকে বাদ দিয়ে মো. নূরুল আলমকে নিয়োগ দেয়। এ বিষয়ে সম্প্রতি একটি অভিযোগ আসে উপজেলা প্রশাসনের কাছে। এ পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর ইউএনও মো. ইকবাল হোসেন প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্রসহ সশরীরে ইউএনও কার্যালয়ে মো. নূরুল আলমকে বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি উপস্থিত হননি।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, ‘আমি বৈধ প্রধান শিক্ষক। বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কাছে নিয়োগ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র প্রদর্শন করেছি। সময়ের অভাবে ইউএনওর কাছে নির্দিষ্ট সময়ে হাজির হতে পারিনি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বিদ্যালয়টি সম্প্রতি জাতীয়করণ হওয়ায় যাবতীয় কাগজপত্র দেখভাল করা হচ্ছে। কিন্তু প্রধান শিক্ষক মো. নূরুল আলম তাঁর নিয়োগপত্রসহ এ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাছাই-বাছাই করতে অসহযোগিতা করছেন। তাঁর নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ ওঠায় তদন্ত করা হচ্ছে।