হাজিরা খাতায় সই দিতে পারছেন না
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) তরিকুল ইসলামকে হাজিরা খাতায় স্বাক্ষর দিতে দেওয়া হচ্ছে না।
বিদ্যালয় কমিটির সভাপতি এ বি এম রেজা সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের বড় ভাই। প্রভাব খাটিয়ে তিনি ওই শিক্ষকের প্রতি এমন আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সভাপতি ওই শিক্ষকের প্রতি জুলুম করছেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
শিক্ষক তরিকুল ইসলাম অভিযোগ করেন, সরকারি বিধি অনুযায়ী ২০১১ সালের ১৪ ডিসেম্বর তিনি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। অথচ চলতি বছরের ১১ জুন দৈনিক ইনকিলাব পত্রিকায় তাঁর পদটি শূন্য দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি এর প্রতিবাদ করেন। এ কারণে গত ১৭ জুন থেকে তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর দিতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাঁকে মিথ্যা অজুহাত দেখিয়ে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছে।
বিদ্যালয়ের কার্যালয় থেকে জানা গেছে, সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদ শূন্য দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর ২ জুলাই পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার দিন ধার্য করা হয়। পরে অনিবার্য কারণ দেখিয়ে ওই পরীক্ষা বন্ধ করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, সবকিছু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। এর বাইরে তিনি কিছু বলতে পারবেন না।
প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে সভাপতি এ বি এম রেজা বলেন, ওই শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মানছেন না। এ কারণে হাজিরা খাতায় তাঁর স্বাক্ষর নেওয়া হচ্ছে না। কী সিদ্ধান্ত ওই শিক্ষক মানছেন না, জানতে চাইলে এ বি রেজা বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তরিকুল ইসলামকে সহকারী শিক্ষক (বিজ্ঞান) পদ থেকে রেজুলেশন করে সহকারী শিক্ষক (গণিত) পদে নেওয়া হয়।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হালদার বলেন, বিষয়টি তিনি জানেন না। রেজুলেশনের মাধ্যমে কোনো শিক্ষককে এক পদ থেকে অন্য পদে রদবদল করার বিধান নেই।