
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সাবেক তিন কর্মকর্তাসহ ২৯ জন আসামিকে গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত এই মামলার অভিযোগপত্র দাখিল ও আসামিদের আবার আদালতে হাজির করার জন্য আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে র্যা ব-১১-এর সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম এম রানাসহ ২৯ জনকে আদালতে হাজির করা হয়। পরে আবার তাঁদের কারাগারে নেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘ইতিমধ্যে এই মামলায় র্যা বসহ বেশ কয়েকজন আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং ঘটনার সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তা সত্ত্বেও মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ দিনেও অভিযোগপত্র আদালতে দাখিল করেননি। এ বিষয়ে আদালত আমাদের বক্তব্য আমলে নিয়ে অভিযোগপত্র দাখিল এবং আসামিদের আদালতে হাজির করতে ১১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আশা করছি, ওই দিন আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীবন্দরের শান্তিনগর এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। আইনজীবী চন্দন কুমারের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করা হয়। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় র্যা বের ২০ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে র্যা বের সাবেক তিন কর্মকর্তা ও ১৭ জন সদস্যসহ মোট ২০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।