হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮ শিবির কর্মীর কারাদণ্ড
দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীসহ শিবিরের আট কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে দিনাজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে চারটি ককটেল, তিনটি মোটরসাইকেল এবং কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম প্রথম আলোকে বলেন, শিবিরের আটক কর্মীরা সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালি এলাকার বিভিন্ন ইউনিয়নে সাংগঠনিক সভা শেষে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ডিবি পুলিশের একটি টহল দল পুলহাট এলাকার মালিগ্রাম লিংক রোডে অবস্থান নেয়। সকাল ১০টায় শিবিরের কর্মীরা শহরে ঢোকার সময় তাঁদের আটক করা হয়। তাঁদের ব্যাগ তল্লাশি করে চারটি তাজা ককটেল, ‘ইসলামি আন্দোলন ও সংগঠন’ এবং ব্যক্তিগত রিপোর্ট বই রুকন/রুকন প্রার্থী নামে দুটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা চারজন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা হলেন মো. নুরুল হুদা, মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল কালাম ও মো. ফজলে রাব্বি। অন্যরা হলেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের শিক্ষার্থী মো. শামসুজ্জামান, দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের ছাত্র মো. আবুল কাশেম এবং দিনাজপুর শহরের ‘বেস্ট কেয়ার হাসপাতাল’-এর অভ্যর্থনা কর্মকর্তা মো. একরামুল হক।
শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার করা শিবিরের কর্মীরা প্রথম আলোকে বলেন, তাঁরা সাংগঠনিক কাজে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের কাজ করছিলেন। ডিবি পুলিশ তাঁদের কাছ থেকে ককটেল এবং সংগঠনের বই উদ্ধার করেছে বলেও জানান তাঁরা।