হাজী দানেশ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রদের আন্দোলনের মুখে এর আগে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয় ৮ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রফিকুল ইসলাম মাহমুদ জানান, উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে গতকাল একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৫ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রদের আন্দোলনের মুখে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয় ৮ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আকস্মিক ওই বন্ধের ঘোষণায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে একাডেমিক ভবনে উপাচার্যসহ শিক্ষকদের ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাতে তাঁদের উদ্ধার করতে পুলিশ ক্যাম্পাসে ঢুকলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর করেন। পুলিশ ১২ ছাত্রকে আটক করলেও পরদিন তাঁরা জামিনে মুক্তি পান। এ ঘটনায় ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।