হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিন ছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবদমান দুই পক্ষের কর্মীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়ের বিরোধ দীর্ঘদিনের। তাঁরা আরও জানান, সমুদ্র বিজয়ের সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ দুই পক্ষের নেতারাই গত ১৭ মে ঢাকা যান। সেখানে সাধারণ সম্পাদক অরুণ কেন্দ্রীয় নেতাদের কাছে সভাপতি ইফতেখারুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন। এর পরই তাঁদের বিরোধ চরম আকার ধারণ করে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সভাপতি পক্ষের কর্মীদের লাঠির আঘাতে সাধারণ সম্পাদক পক্ষের বিশ্ববিদ্যালয় জিয়া হলের আহ্বায়ক অনিন্দ্য দত্তের পা ভেঙে যায়। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক এ টি এম শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনার পর সাধারণ সম্পাদকের পক্ষ ফোন করে সভাপতিসহ তাঁর অনুসারীদের গ্রেপ্তারের দাবি করে। তা না হলে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তারা। এরপর রাত নয়টার দিকে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র বহিরাগতকে নিয়ে অরুণ পক্ষ ক্যাম্পাসে মহড়া দেয়। এ সময় ইফতেখারুল পক্ষ জিয়া হলে অবস্থান নেয়। হলটির দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে এ সময় সভাপতি পক্ষের ইমতিয়াজ জুবায়ের ও সাধারণ সম্পাদক পক্ষের আহসান আল হাসিব আহত হন। তাঁদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।