হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ পরীক্ষার ফল বাতিলসহ সাত দফা দাবিতে মানববন্ধন’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন মো. আবদুল হামিদ মুঠোফোনে প্রথম আলোর কাছে ইন্টার্ন শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, মোট ৪৮ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে চারজন এ-প্লাস, ১১ জন ‘এ’ এবং পাঁচজন এ-মাইনাস এবং বাকি ২৮ জন বি-প্লাস পেয়েছে। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। এ ধরনের ফলাফলকে ‘বিপর্যয়’ বলার কোনো কারণ নেই। ইন্টার্নশিপ পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের দায়িত্ব পালন করেছে একটি কমিটি।ওই কমিটির বিশেষজ্ঞ পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্য। পরীক্ষা গ্রহণ শেষে কমিটি যে ফলাফল দিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল তা প্রকাশ করেছে। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হাত ছিল না। ফলাফল প্রত্যাহার বা বাতিলের আর কোনো সুযোগ নেই বলে তিনি জানান।