হাজি সেলিমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।

ঐতিহাসিক লালবাগ কেল্লা এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে করা এক আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ’-এর পক্ষে আদালত অবমাননার আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রুল জারির বিষয়টি নিশ্চিত করে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, লালবাগ কেল্লা এলাকায় অবৈধ দখল উচ্ছেদে ২০১১ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায়ের আলোকে এ বছরের ৩০ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্ছেদ-প্রক্রিয়া শুরু করলে সাংসদ হাজি সেলিম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আদালত অবমাননার আবেদনটি করা হয়। আজ আদালত তাঁর প্রতি অবমাননার রুল জারি করেছেন।