হাজীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের সম্পর্কে কটূক্তি করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। গতকাল সোমবার চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম চমন আরা বেগমের আদালতে এ মামলা করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন আইনজীবীদের সম্পর্কে কটুক্তি করেছেন বলে চাঁদপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদটি দেখার পর আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে আইনজীবীদের পক্ষে জহিরুল ইসলাম মামলা করেন। ইউএনও মো. এমরান হোসেন জানান, হাজীগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভায় এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে যে সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। কলেজটি ধ্বংস করার জন্য একটি কুচক্রীমহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে গভর্নিং বডির সদস্যরা মিলে গতকাল তাৎক্ষণিক সভা করে এর প্রতিবাদ করেছেন। চাঁদপুরের সহকারী পিপি মাহাবুব-এ-খোদা বলেন, আইনজীবী সম্পর্কে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার এমন মন্তব্য সত্যিই দুঃখজনক।