
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা আন্তস্কুল ও মাদ্রাসা ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। গতকাল রোববার নিজ মাঠে ফাইনালে দলটি ১-০ গোলে পালিশারা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
এর আগে উপজেলা আন্তস্কুল-মাদ্রাসা মেয়েদের ফুটবলে হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ ২-০ গোলে বেলচোঁ উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বলাখাল জেএন উচ্চবিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহজাহান তালুকদার সাহা প্রমুখ।
হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, কাবাডি ও হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীরা কাল মঙ্গলবার থেকে জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।
এদিকে, টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আন্তস্কুল-মাদ্রাসা মেয়েদের ফুটবলে সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ৫-৪ গোলে আদর্শ বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের ফুটবলে সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ ১-০ গোলে সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল উপজেলার সৃষ্টি সংঘ মাঠে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।