হাজীগঞ্জ ও সেনবাগে কয়েক হাজার কপি পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীর সেনবাগে গতকাল মঙ্গলবার কয়েক হাজার কপি জাতীয় পত্রিকা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে হাজীগঞ্জে ছাত্রলীগ ও বিএনপির কর্মীরা পৃথক হামলা চালিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকার বান্ডেল পুড়িয়ে দিয়েছেন। অন্যদিকে সেনবাগে গাড়ি আটকে পত্রিকায় অগ্নিসংযোগ করেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এর ফলে গতকাল এসব এলাকার বেশির ভাগ মানুষ পত্রিকা হাতে পাননি।প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় সকালে বিএনপির কর্মীরা ঢাকা থেকে আসা চাঁদপুরের জন্য পত্রিকা বহনকারী একটি মিনিবাস ভাঙচুর করেন। পরে তাঁরা গাড়ির ভেতরে থাকা জাতীয় পত্রিকা ইত্তেফাক, ইনকিলাব, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, ডেইলি স্টার, ডেইলি সানসহ প্রায় ১৫টি বাংলা ও ইংরেজি পত্রিকার সাড়ে তিন হাজার কপি জ্বালিয়ে দেন। অন্যদিকে প্রায় একই সময় আওয়ামী লীগের কর্মীরা হাজীগঞ্জ বাজারে সংবাদপত্রবাহী একটি গাড়িতে হামলা চালিয়ে নয়াদিগন্ত, আমার দেশ ও দিনকাল পত্রিকার দেড় হাজার কপি পুড়িয়ে দেন। তবে প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন ভিন্ন ভিন্ন গাড়িতে আসায় তা পোড়াতে পারেনি কেউ।এ ব্যাপারে বিএনপির উপজেলা কমিটির সদস্য আবদুল্লাহ আল-মামুন জানান, সংবাদপত্রের গাড়ি আটক ও পত্রিকায় আগুন দেওয়ার বিষয়টি তাঁরা প্রথমে জানতেন না। জানার পর সবাইকে ভবিষ্যতের জন্য সর্তক করে দেওয়া হয়েছে।