হাজীগঞ্জ পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করায় দলের পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত সোমবার জেলা বিএনপির সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের নির্দেশে দপ্তর সম্পাদক মাহাবুব আনোয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ পৌর কমিটির অধিকাংশ সদস্য দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকায় ও সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে অনুপস্থিতিসহ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করার কারণে ১৭ মার্চ থেকে পৌর কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়েছে।
১৫ মার্চ হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হয়। সহিংসতার কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ৭৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ মজুমদার পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম তালুকদার পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট। তিনি তিন হাজার ৫৬০ ভোটে পিছিয়ে আছেন।