হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানাখন্দে ভরা চাঁদপুরের হাজীগঞ্জ-লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কটি কয়েক মাস ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। হাজীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। এর মধ্যে ১০ কিলোমিটার অংশ অত্যধিক ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা। এ ছাড়া সড়কের বেশির ভাগ অংশের পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে। হাজীগঞ্জ সওজ কার্যালয় সূত্র আরও জানায়, ২০১০-১১ অর্থবছরে জরাজীর্ণ এ সড়কটি পুনর্নির্মাণের জন্য চার কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৭০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স রানা বিল্ডার্স কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি পুনর্নির্মাণের কাজ পায়। গত জুন মাসে ঠিকাদারকে পুনর্নির্মাণ কাজ করতে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু সওজ কার্যালয়ের ফান্ডে এ সড়কের বিপরীতে কোনো অর্থ বরাদ্দ না আসায় ঠিকাদার কাজ শুরু করেননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরেজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ-রামগঞ্জ ১৮ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। এর মধ্যে জিয়ানগর, বেলচোঁ বাজার, সেন্দ্রা বাজার, চালিয়াপাড়া, মনতলা, কাটাখালী, খলিফারদজ্জা ও সোনাপুর এলাকা যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মো. দিদার হোসেন ও মো. আল আমিন বলে, ‘ভাঙাচোরা এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে করতে আমাদের অবস্থাও সড়কটির চেয়ে নাজুক হয়ে পড়েছে।’ হাজীগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ভারত চন্দ্র সরকার বলেন, সড়কটির খানাখন্দের কথা মনে হলে অসুস্থ শরীর নিয়ে বাড়ি যেতে ইচ্ছা হয় না। এ সড়ক দিয়ে চলাচলকারী আরও একাধিক যাত্রী অভিযোগ করেন, সড়কটি ভাঙাচোরা হওয়ায় যাত্রীদের কাছ থেকে ২৩ টাকার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে। আর হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যেতে ৪০ মিনিটের জায়গায় এখন দেড় ঘণ্টা সময় লাগছে। বৈশাখী পরিবহনের চালক কামরুল ইসলাম বলেন, প্রতিদিন শ খানেক বাস এ সড়কে চলাচল করে। সড়কটি ভাঙাচোরা হওয়ায় জনগণের দুর্ভোগের পাশাপাশি যানবাহনের যান্ত্রিক ত্রুটি দিন দিন বাড়ছে। আল-আরাফাহ্ পরিবহনের একজন চালক বলেন, ‘এ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত গাড়ি চালাচ্ছি। প্রতিদিন এ সড়কে ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটছে। কিন্তু সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’মেসার্স রানা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আলমগীর হোসেনকে মুঠোফোনে কবে সড়কটির কাজ শুরু করবেন জানতে চাইলে বলেন, ‘কাজটি করতে সময় লাগবে মাত্র ২০ দিন। আমি বিভিন্ন প্রকল্পের প্রায় ১৩ কোটি টাকার বিল পাওনা আছি। সওজের ফান্ডে টাকা এলে কাজ শুরুর চিন্তাভাবনা করব।’ এ বিষয়ে হাজীগঞ্জ সওজ উপবিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আবদুল মতিন বলেন, ঠিকাদার অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজটি করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ আছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ এলে ঠিকাদারকে দিয়ে কাজটি করাতে পারব।