হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সংস্কার কত দূর!
কার্যাদেশ দেওয়ার প্রায় এক বছর পরও হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক সংস্কারের কাজ শুরু হয়নি। এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। ১৯৯৬-৯৭ অর্থবছরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটি নির্মাণ করে। এরপর আর এটি সংস্কার করা হয়নি। এ কারণে সড়কের ৯০ শতাংশ এলাকায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কটি কিছু জায়গায় ভেঙে গেছে। এতে এ সড়ক দিয়ে যাতায়াত করতে সময় বেশি লাগছে। বাস ও অন্যান্য যানবাহনের যন্ত্রাংশও নষ্ট হচ্ছে।সওজ হাজীগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সওজের প্রধান কার্যালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে সড়কটি সংস্কারের জন্য চার কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স রানা বিল্ডার্স কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ পায়। গত বছরের জুন মাসে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু সওজের চাঁদপুর কার্যালয়ের তহবিলে কোনো অর্থ না আসায় ঠিকাদার আজও কাজ শুরু করেননি। সরজমিনে দেখা গেছে, কার্পেটিং উঠে যাওয়ায় সড়কের জিয়া নগর, বেলচোঁ বাজার, সেন্দ্রা বাজার, চালিয়াপাড়া, মনতলা, কাটাখালি, খলিফাদজ্জা ও সোনাপুর এলাকা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র মো. দিদার হোসেন ও মো. আল আমিন জানান, বাস ও সিএনজিতে করে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাঁদের অবস্থা খারাপ হয়ে যায়।বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক আরিফ ইমাম জানান, সড়কের হাজীগঞ্জ বাজার থেকে বেলচোঁ বাজার পর্যন্ত আগে যেতে ৮ থেকে ১০ মিনিট লাগত। এখন সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।একাধিক বাসযাত্রী অভিযোগ করেন, সড়কটি জরাজীর্ণ হওয়ায় যাত্রীদের কাছ থেকে ২৩ টাকার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে। হাজীগঞ্জ থেকে রামগঞ্জ যেতে ৪০ মিনিটের জায়গায় এখন দুই ঘণ্টা লাগে।এ সড়ক দিয়ে বৈশাখী পরিবহনের বাস চলাচল করে। বৈশাখীর বাসচালক মোহামঞ্চদ আলী বলেন, প্রতিদিন প্রায় ১০০টি বাস এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি ভাঙা থাকায় জনগণের দুর্ভোগের পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।সড়কটি পুনর্নির্মাণের কাজ পাওয়া মেসার্স রানা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেডের মালিক মো. নাজমুল হাছান জানান, এ সড়কের জন্য সওজের চাঁদপুর কার্যালয়ের তহবিলে কোনো বরাদ্দ আসেনি। তাই কাজ করা যাচ্ছে না। বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।সওজের হাজীগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিবুর রহমান মিয়া বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্ত সড়ক জরুরি পুনর্বাসন প্রকল্পের অধীনে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সঙ্গে কুমিল্লা-চাঁদপুর এবং গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়ক সংস্কারের কার্যাদেশ দিয়েছিল। কিন্তু এসব প্রকল্পের বিপরীতে কোনো অর্থ ছাড় করা হয়নি। এ কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।