হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ বিশেষজ্ঞ (কনসালটেন্ট অ্যানেসথেসিয়া) না থাকায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এ হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটি দেড় মাস ধরে অকেজো পড়ে আছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রে অস্ত্রোপচার ও এক্স-রে করাতে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর ২০০৯ সালের ৭ নভেম্বর হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়। অবেদনবিদ বিশেষজ্ঞ সুদীপ্ত সাহা গত বছর নভেম্বর মাসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে যান। তিনি না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে গরিব ও নিম্নমধ্যবিত্ত পরিবারের প্রসূতিদের বেশি সমস্যা হচ্ছে। কারণ সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে কোনো খরচ না হলেও ক্লিনিকগুলোতে ১০-১২ হাজার টাকা লাগছে।স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শামীম পাটওয়ারী জানান, ৩ জানুয়ারি থেকে যান্ত্রিক ত্রুটির কারণে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে আছে। বিষয়টি ওই দিনই ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়ার একজন রোগীর অভিভাবক গত সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রীকে হাজীগঞ্জ বাজারের শাহ মিরান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের জন্য ভর্তি করান। তিনি বলেন, তিনি প্রথমে তাঁর স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে তাঁর স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহা বলেন, গাইনি বিশেষজ্ঞ, সহকারী সার্জন, সেবিকাসহ আনুষঙ্গিক সব সুবিধা থাকা সত্ত্বেও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, ‘একজন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ দেওয়ার জন্য কয়েকবার সিভিল সার্জনকে মৌখিকভাবে অনুরোধ করেছি। ’ চাঁদপুরের সিভিল সার্জন শাহনেওয়াজ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট অ্যানেসথেসিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সরাসরি মন্ত্রণালয় থেকে নিয়োগ ও বদলি হয়ে থাকে। তারপরও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়গুলো লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব।’