হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর অ্যাম্বুলেন্সে আগুন
যথাযথ চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের চালককে না পেয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়েছে। এ সময় গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্স বের করে আগুন দেয় রোগীর সঙ্গে আসা লোকজন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেননি।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটায় টোরাগড় তালুকদার বাড়ির আবদুর রব তালুকদারের ছেলে শাহাদাৎ হোসেন (২০) চোখে চুন পড়া সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় যাওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা কামরুন নাহার ও শামীম নাছরিন জানান, রোগীর লোকজন কুমিল্লায় যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি চান। কর্তৃপক্ষ দিতে রাজি হলেও চালক সেখানে উপস্থিত ছিলেন না। চালক আসতে দেরি হওয়ায় রোগীর পক্ষের অর্ধশতাধিক লোক অ্যাম্বুলেন্সটি গ্যারেজ থেকে বের করে এনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা জরুরি বিভাগ ও কর্তব্যরত চিকিৎসকের কক্ষের আসবাব, দরজা-জানালা ভাঙচুর করে তছনছ করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, অবরোধের কারণে অ্যাম্বুলেন্স চালক হাসপাতালে ছিলেন না। ফোন করার পর তিনি আসছিলেন। দেরি হওয়ায় রোগীর লোকজন গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটি এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।