হাজীগঞ্জে অপহরণের ৭ ঘণ্টা পর তরুণ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জে সুজন দেওয়ান (২০) নামের এক তরুণ গত মঙ্গলবার অপহরণের সাত ঘণ্টা পর উদ্ধার হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুজন চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের খোকন দেওয়ানের ছেলে। তিনি চাঁদপুর টেকনিক্যাল মোড় এলাকার একটি ওয়ার্কশপে গাড়ির মিস্ত্রি হিসেবে কাজ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন একটি পিকআপ ভ্যানের ইঞ্জিন সারতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারের একটি ওয়ার্কশপে যান। সেখান থেকে তাঁকে ডেকে নিয়ে একটি অটোরিকশায় তুলে নেয় অপহরণকারীরা।
সুজনের ভগ্নিপতি আলমগীর হোসেন বলেন, ওই দিন রাতে অপহরণকারীরা সুজনের মুঠোফোন থেকে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।
পুলিশ জানায়, অপহরণকারীদের দেওয়া ঠিকানা অনুযায়ী আলমগীর রাত সোয়া ১২টার দিকে মুক্তিপণের টাকা নিয়ে পালিশারা-মালিগাঁও সড়কের মীরাবাড়ির সেতুর ওপরে যান। তাঁকে অনুসরণ করে পুলিশের একটি দল। অপহৃত সুজন দেওয়ানকে নিয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আসেন দুই ব্যক্তি। এ সময় পুলিশ তাঁদের ধরে ফেলে ও সুজনকে উদ্ধার করে।