হাজীগঞ্জে আ.লীগ নেতার শিশুছেলের লাশ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জের গর্ন্ধব্যপুর (দ.) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিনের ছয় বছর বয়সী ছেলে সিয়াচুল হাছান ওরফে অন্তরের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। কাশিমপুর গ্রামের ঠাকুরবাড়ির ইমান হোসেনের রান্নাঘরের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। গিয়াসউদ্দিনের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে অন্তর পার্শ্ববর্তী ঠাকুরবাড়ির একটি ছেলের সঙ্গে খেলা করছিল। এ সময় দুজন যুবক মোটরসাইকেলে এসে অন্তরকে একটি চকলেট দিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। এ ঘটনায় গিয়াসউদ্দিনের ছেলে মো. আজাদ হোসেন বাদী হয়ে দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, কলেজের তিনজন শিক্ষক, একজন শিক্ষার্থীসহ এলাকার ১১ জনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, অপহরণকারীরা শিশুটিকে মেরে ধানের চিটা ও খড়ের মধ্যে ঢুকিয়ে রাখে। বিকেলে ঠাকুরবাড়ির একজন মহিলা ছাগল আনতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কাশিমপুর গ্রামের কবির মিয়ার বিল্ডিং, জনাব আলী মেম্বারের দুটি টিনশেড ঘর ও মহিলা ইউপি সদস্যের টিনশেড ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় উত্তেজিত গ্রামবাসী একাধিক বাড়িতে ভাঙচুর করে ও লুটপাট চালায়। এতে আতঙ্কিত হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। এর আগে ২৭ মে গোপনভাবে অধ্যক্ষ পদে নিয়োগ লাভের অভিযোগে গিয়াসউদ্দিন দলবল নিয়ে দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবিরকে পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদ করলে কলেজের শিক্ষার্থী রাসেদ খানকেও পেটানো হয়। অধ্যক্ষ ২৭ মে গভীর রাতে গিয়াসউদ্দিনসহ আওয়ামী লীগের নয় নেতা-কর্মীকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন।