হাজীগঞ্জে আ.লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের এনায়েতপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও পুলিশের ভাষ্যমতে, বিকেলে আলীগঞ্জ থেকে আওয়ামী লীগের হরতালবিরোধী একটি মিছিল এনায়েতপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে হরতাল-সমর্থক বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন। এঁদের বেশির ভাগই হরতালবিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মী। আহতরা হলেন পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন খোকা, শামীম আহমেঞ্চদ বাবু, জসিম উদ্দিন, নূরে আলম, খোকন, আবুল হোসেন, সোহেল, বিল্লাল হোসেন, ইব্রাহীম, বাগুই কাজী ও সোহাগ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাসের নয়টি শেল ও কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।