হাজীগঞ্জে আ.লীগের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ১০৮টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থীরা দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০টি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় রাজারগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম সব কটি কেন্দ্র দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে আটটি দখলের অভিযোগ এনে বেলা ১১টায় বিএনপির প্রার্থী জামাল হোসেন ভোট বর্জন করেন। সকাল সাড়ে সাতটায় হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর কেন্দ্র থেকে নৌকা মার্কার সিল মারা ৩০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়।
বাকিলা ইউনিয়নের ছয়ছিলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থী মাহফুজ পাটওয়ারীর লোকজন দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি বর্ষণ করে। বড়কুল পশ্চিম ইউনিয়নে নাটেহরা ও প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থী গাজী মনির হোসেনের নেতা-কর্মীরা দখলে নিয়ে সিল মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।