হাজীগঞ্জে আট দিনে পুকুরে পড়ে আট শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে আট দিনে পুকুরের পানিতে ডুবে আট শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের অসচেতনতার কারণেই এসব শিশুর অকালমৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ কারণে শিশুদের প্রাণরক্ষার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিমানী দাস গতকাল বুধবার বলেন, ১ থেকে ৮ মে পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে পড়া আটজন শিশুকে চিকিৎসার জন্য আনা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই এরা মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যমতে, ১ মে সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাহমুদ হোসেন (৫), ৪ মে দুপুরে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. জিহাদ (৫) ও মোস্তফা কামালের ছেলে মো. শাওন (৪), ৫ মে উপজেলার প্রতাপপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার (৭), ৭ মে দুপুরে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাজমুল হাসান (৫) ও টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (৫), ৮ মে সকালে বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মাসুদ আলমের মেয়ে ফারিয়া (২) ও একই দিন দুপুরে পৌরসভার বলাখাল গ্রামের বাদশা মিয়াজীর ছেলে হৃদয় (৫) পুকুরের পানিতে ডুবে মারা যায়।
শিশুদের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত শিশুদের মধ্যে কেউ খেলতে গিয়ে, কেউ মা-বাবার অজান্তে পুকুরে পড়ে মারা গেছে। শিশু হৃদয়ের বাবা বাদশা মিয়াজী বলেন, হৃদয়ের মা দুপুরবেলা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তাঁর অগোচরে হৃদয় পুকুরের পানিতে পড়ে যায়। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাদিজা আক্তারের চাচা ফখরুল ইসলাম বলেন, খাদিজারা চার ভাইবোন। খাদিজা পরিবারের একমাত্র মেয়েসন্তান ছিল। খাদিজাকে হারিয়ে পরিবারের সবাই এখন পাগলপ্রায়।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর মোহাম্মদ বশির আহমেদ প্রথম আলোকে বলেন, গত আট দিনে উপজেলার বিভিন্ন স্থানে আটটি শিশু পুকুরে ডুবে মারা গেছে। এটা খুবই চিন্তার বিষয়। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সামনে বর্ষার মৌসুম আসছে। প্রত্যেক অভিভাবককে নিজের বাচ্চার প্রতি যত্নবান হতে হবে। প্রয়োজনে পুকুরঘাটে ও আশপাশে বেড়া দিতে হবে। যেসব শিশু সাঁতার জানে না তাদের নিরাপদ স্থানে রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের সাঁতার শেখাতে হবে।