হাজীগঞ্জে আলোচিত সেই শিশু ধর্ষণের ঘটনায় নতুন মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে কাপাইকাপ আলিম মাদ্রাসার প্রভাষক আবদুল জলিলের বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনায় নতুন করে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী সীমা জহুর হাইকোর্টে রিট করলে আদালত এই আদেশ দেন। সীমা জহুর মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, আগের মামলায় মেয়েটির বিয়ে পড়ানো ও সালিস-বৈঠকে জড়িত ব্যক্তিদের আসামি করা হয়নি। রিটের পরিপ্রেক্ষিতে আদালত সালিস-বৈঠক ও বিয়ে পড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের আসামি করে মামলা নেওয়ার জন্য চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আদালতের নির্দেশে কয়েক দিনের মধ্যে আমরা মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছি। বিনা খরচে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং সন্তান না হওয়া পর্যন্ত সে হাসপাতালে থাকবে।’মেয়েটির বাবা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও তাঁকে হুমকি দিচ্ছে। হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, জলিল গত বছরের তিন আগস্ট ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিস-বৈঠকের মাধ্যমে জলিলের সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়া হয়। পরে বিয়ে না মেনে মেয়েটির বাবা মামলা করেন। এ নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।