হাজীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতির দাবি
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কূল (পূর্ব) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফরকে দ্রুত বিচার আইনের মামলা থেকে অব্যাহতি দিতে গত বৃহস্পতিবার থেকে উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান কর্মবিরতি শুরু করেছেন। এ ছাড়া একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। এর অনুলিপি পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, একজন ইউপি চেয়ারম্যান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকারের আদেশ-নির্দেশ পালন, উন্নয়নকাজ বাস্তবায়ন, ইউনিয়নবাসীর নিরাপত্তা ও গ্রাম আদালত পরিচালনা করেন। কিন্তু চেয়ারম্যানদের অহেতুক মামলা-মোকদ্দমায় জড়ানো হলে এলাকার শান্তিশৃঙ্খলা ও সরকারি কার্যক্রমে অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়বে। সঞ্চারকলিপিতে আরও বলা হয়, ‘গত ৩১ অক্টোবর বড়কূল (পূর্ব) ইউপি কার্যালয়ে একটি রাস্তার বরাদ্দ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সময় ইউপি চেয়ারম্যান আবু জাফর পরিষদে উপস্থিত ছিলেন না। ওই ঘটনায় তাঁকে মামলায় জড়ানো প্রতিহিংসামূলক। এ কারণে সুষুম তদন্ত সাপেক্ষে ওই চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনার (জেলা প্রশাসক) হস্তক্ষেপ কামনা করছি। আমরা ১০ ইউপি চেয়ারম্যান একমত হয়েছি, তাঁকে মামলা থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত উপজেলা পরিষদের সমন্বয় সভাসহ সব কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকব।’ বড়কূল (পূর্ব) ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মিয়াজী ওই ইউপি চেয়ারম্যানসহ বিএনপি ও জামায়াতের ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ১ নভেম্বর দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।