হাজীগঞ্জে কর্মীদের হাতে বিএনপির প্রার্থী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী আবদুল মান্নান খান নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল সোমবার সকালে টোরাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মান্নান খান টোরাগড় গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গণসংযোগ করেন। সকাল সাড়ে নয়টার দিকে স্বর্ণকলি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গণসংযোগকালে তাঁর ওপর দলের বিক্ষুব্ধ কর্মীরা হামলার চেষ্টা করেন। মেয়র ও দলের সভাপতির দায়িত্বে থাকাকালীন নেতা-কর্মীদের খোঁজখবর না নেওয়ার অভিযোগে গণসংযোগকালে বিক্ষুব্ধ কর্মীরা তাঁকে অশালীন ভাষায় গালাগাল করেন। কয়েকজন কর্মী তাঁকে মারধর করতে তেড়ে আসেন। পরে তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাঁকে রক্ষা করেন।
ঘটনাস্থলে থাকা পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার সর্দার বলেন, ‘সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক মান্নান খানকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। তাঁরা আমাদের সাথেও দুর্ব্যবহার করেছেন। আমরা প্রায় দুই থেকে আড়াই শ লোক ছিলাম। আমরা তাঁদের প্রতিরোধ করেছি।’