হাজীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি গ্রামে এক গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের হানুরবাড়ির পুকুর থেকে গত শুক্রবার বিকেলে রোজিনা আক্তার (২৮) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনের বেলায় রোজিনার শ্বশুর-শাশুড়ি, ভাশুর ও ননদ মিলে কয়েক দফা তাঁর ওপর শারীরিক নির্যাতন চালান। ওই দিন রাত ১০টার পর রোজিনার শ্বশুর পক্ষের লোকজন রোজিনাকে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় প্রচার করে। শুক্রবার বিকেলে তাঁর লাশ বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরে এলাকা ও বাড়ির লোকজন লাশটি ওপরে ওঠায়। সে সময় রশি দিয়ে বাঁধা ইটের গুঁড়ার বস্তা রোজিনার গলায় ছিল। শুক্রবার বিকেলে হাজীগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোজিনার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে একই গ্রামের আবুল খায়ের হানুর ছেলে তাজুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী তাজুল ইসলাম আবুধাবি প্রবাসী। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার পর রোজিনার শ্বশুর আবুল হানু নাতি রবিউলকে (৭) নিয়ে পালিয়ে গেছেন। এ প্রসঙ্গে রোজিনার বড় ভাই দুলাল হোসেন বলেন, ‘আমার বোনকে নির্যাতন করে মারা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর দাফন করে আমরা মামলা করব।’