চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বদেশ মাল্টিপারপাস অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। গত ২৯ ডিসেম্বর দুদকের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ হাজীগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন
স্বদেশ মাল্টিপারপাস অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান সোহাগ প্রধানিয়া, সভাপতি ফারহানা রব ঝরনা, ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল হোসেন ও ব্যবস্থাপক আরিফুর রহমান।
এজাহারে বলা হয়, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলা কার্যালয়ের অনুসন্ধানে জানা যায়, সোহাগ প্রধানিয়া হাজীগঞ্জ থানায় ওই কো-অপারেটিভ চালু করেন। সোহাগ নিজে, তাঁর স্ত্রী ও আত্মীয়স্বজন মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের জন্য এলাকার লোকজনকে অনুপ্রাণিত করেন এবং প্রতারণার ফাঁদে ফেলে সদস্যদের কাছ থেকে বিভিন্ন তারিখে রসিদমূলে টাকা সংগ্রহ করেন।
এজাহারে আরও বলা হয়, ওই কর্মকর্তারা একাধিক গ্রাহকের কাছ থেকে ৪০ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাৎ করে বর্তমানে পলাতক রয়েছেন। এ ছাড়া আরও অনেক ব্যক্তির কাছ থেকে রসিদের মাধ্যমে টাকা আদায় করেছেন মর্মে অনুসন্ধানে জানা যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা (ভারপ্রাপ্ত) সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘দুদকের মামলার বিষয়টি গ্রাহক বা থানা থেকে আমাকে জানানো হয়নি। তবে মামলায় যে পরিমাণ টাকার কথা উল্লেখ করা হয়েছে তা অতি নগণ্য।’ তিনি বলেন, ২০১৩ সালের শেষ দিকে স্বদেশ মাল্টিপারপাস প্রায় তিন হাজার গ্রাহকের ১৫-১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তারা হাজীগঞ্জ ও চাঁদপুরে দুটি শাখা পরিচালনা করেছে। সমবায় কার্যালয়ের একটি দল পালিয়ে যাওয়া সমিতিগুলোর আমানতের পরিমাণ নিয়ে তদন্ত করছে।
দুদকের কুমিল্লা কার্যালয়ে সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘একাধিক গ্রাহক দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ করেছেন। সেখান থেকে অভিযোগ কুমিল্লা কার্যালয়ে পাঠানো হয়েছে। সে অনুযায়ী আমরা
মামলা দায়ের করেছি।’ তিনি আরও বলেন, ‘এখানে একটি দরখাস্তে একাধিক গ্রাহক তাঁদের টাকার পরিমাণ উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে মোট ৪০ লাখ ৬৮ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে।’ তবে কতজন গ্রাহক অভিযোগ করেছেন, তা তিনি জানাতে পারেননি।
এ বিষয়ে সোহাগ প্রধানিয়া ও জামাল হোসেনের মুঠোফোনে কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।