হাজীগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ডিলারকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের একটি ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের চাল কম দেওয়ার অভিযোগে একজন ডিলারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এই অভিযোগে ওই ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৯৯০ জন হতদরিদ্র ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়। তাঁদের মধ্যে চাল বিতরণের জন্য দুজন ডিলার (পরিবেশক) নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে রহিমা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদকে ৫৪৮ জন ও মেসার্স মাহাযিন ভ্যারাইটিজ স্টোর ও কনফেকশনারির মো. পারভেজকে ৩৪২ জনের মধ্যে চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়। পারভেজ এখন পর্যন্ত চাল উত্তোলন করেননি।
উপজেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক নাছরিন আক্তার জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার ওই ইউনিয়নের ডিলার আবুল কালাম আজাদের বিরুদ্ধে হতদরিদ্র ব্যক্তিদের মাঝে চাল বিতরণের সময় চাল কম দেওয়ার অভিযোগ করেন। হতদরিদ্র ব্যক্তিরা তাঁর (উপজেলা চেয়ারম্যান) কাছে ডিলারের বিরুদ্ধে ৩০ কেজির স্থলে ২৩ কেজি করে চাল দেওয়ার অভিযোগ করেন। উপজেলা চেয়ারম্যানের নির্দেশে আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন বলেন, ‘চাল বিতরণের সময় কার্ডধারীদের সঙ্গে ডিলারের মারামারির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। বর্তমানে ওই ডিলারকে চাল দেওয়া বন্ধ রাখা হয়েছে।’ তিনি আরও জানান, ৬ অক্টোবর ডিলারকে কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এখনো তিনি জবাব দেননি।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ডিলার আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।