হাজীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ নাফের শাহের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য চেয়ারম্যানকে দুবার নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে, বাকিলা ইউপির সচিব মো. দিদাউর রহমান গত ২৯ মে জেলা প্রশাসক ও ইউএনওর কার্যালয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের টাকাসহ ইউনিয়ন পরিষদের সাতটি খাতের মোট এক লাখ ৭২ হাজার ৭০৬ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে ইউএনওর কার্যালয় থেকে চেয়ারম্যানকে টাকা সরকারি কোষাগারে জমা দিতে প্রথম দফায় গত ৩০ মে ও দ্বিতীয় দফায় গত মঙ্গলবার নোটিশ দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান নাফের শাহ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড সদস্যেরা তাঁদের ওয়ার্ডে গৃহীত প্রকল্পগুলোর সভাপতি ছিলেন। তাঁরা প্রকল্পের ভ্যাটের টাকা দিতে দেরি করায় আমি সময়মতো তা জমা দিতে পারিনি। তবে নোটিশ পাওয়ার পরপরই আমি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি। ইউপি সচিব বিষয়টি জানেন।’তবে ইউপির সচিব মো. দিদাউর রহমান জানান, লিখিত অভিযোগের পর চেয়ারম্যান ২০০৯-১০ অর্থবছরের ভ্যাট বাবদ ৩৮ হাজার টাকা ফেরত দেন। সেটা আমি জমা দিয়েছি। পরে আবার নোটিশ পাওয়ার পর গতকাল তিনি বর্তমান অর্থবছরের ভ্যাট বাবদ নয় হাজার টাকা দেন। আগামীকাল শনিবার আরো ২৩ হাজার টাকা দেবেন বলে জানিয়েছেন। তবে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এবং ঝুঁকিহ্রাস ভাতার টাকা কখন দেবেন এ বিষয়ে কিছু জানাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, টাকা ফেরত দিতে চেয়ারম্যানকে দুবার নোটিশ দেওয়া হয়েছে। শিগগির টাকা জমা না দিলে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হবে।