হাজীগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির সত্যতা মিলেছে
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামানের (৪০) বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের সত্যতা মিলেছে। গত সোমবার হাজীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের সরেজমিনে ঘটনা তদন্তে বিদ্যালয় এবং ওই ছাত্রীর বাড়িতে যান। তিনি বলেন, ‘আমি ওই ছাত্রী, তার নানি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে গত সোমবার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’স্থানীয় সূত্র জানায়, গত মে মাসের প্রথম সপ্তাহে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কোচিং ক্লাসে প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। মেয়েটি বাড়িতে এসে ঘটনাটি তার নানিকে জানায়। এরপর মেয়েটি আর বিদ্যালয়ে যায়নি।ঘটনা জানাজানির পর গত রোববার এলাকাবাসী বিদ্যায়ের গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এবং বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদন দিয়েছেন। আমি এই প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়েছি। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান বলেন, ‘কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করে আমাকে অপদস্থ করার জন্য এ অভিযোগ এনেছেন।’