হাজীগঞ্জে ট্রলার ব্যবসায়ী অপহূত, মুক্তিপণ দাবি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে গত সোমবার রাতে বারেক সরকার নামে এক ট্রলার ব্যবসায়ীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী শাহিদা বেগম হাজীগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বারেক ঢাকা থেকে চাঁদপুর ও হাজীগঞ্জ বাজারে ট্রলারে মালামাল পরিবহনের ব্যবসা করেন। প্রায় ছয় বছর যাবৎ তিনি এ পেশায় নিয়োজিত। গত সোমবার সন্ধ্যায় তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা ভাড়ার টাকা আদায় করতে আসেন। রাত নয়টার দিকে পশ্চিম বাজার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে অপহরণ করে। পরে রাতেই একটি মুঠোফোন থেকে শাহিদা বেগমকে ফোন করে অপহরণের বিষয়টি জানানো হয়। অপহরণকারীরা শাহিদার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীরা বারেকের স্ত্রীকে দুটি মুঠোফোন নম্বর দিয়ে বলে, ওই দুই মুঠোফোনের মালিকদের নির্দেশে বারেককে অপহরণ করা হয়েছে। মুঠোফোন দুটির মালিক চাঁদপুর সদরের ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামের এরশাদ মাঝি ও জামাল মাঝির। বারেকের গ্রামের বাড়িও লালপুরে। তবে একাধিকবার ফোন করেও ওই নম্বর দুটিতে যোগাযোগ করা যায়নি।
হাজীগঞ্জ থানার এসআই মনির হোসেন বলেন, ব্যবসায়ীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।