হাজীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুরে গতকাল শুক্রবার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চাঁদপুর-কুমিল্লা সড়কের এনায়েতপুর এলাকায় পুলিশের তল্লাশি চৌকির কাছে গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।নিহত যাত্রীরা হলেন: চাঁদপুরের কচুয়া উপজেলার মথুরাপুর গ্রামের হাসিনা বেগম (৩২), তাঁর মেয়ে নূরুন্নাহার (৯), একই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে খুকি বেগম (২৮), শাহরাস্তি উপজেলার দোপাল্লা গ্রামের আবদুল আজিজ (২৪) ও অটোরিকশাচালক একই উপজেলার আবদুল মান্নান (৩৫)। গুরুতর আহত হয়েছেন নিহত হাসিনা বেগমের ছেলে শাহরাস্তি মডেল একাডেমীর শিক্ষার্থী মো. হাছানুর রহমান রাব্বী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে হাজীগঞ্জের দিকে আসছিল। এনায়েতপুর এলাকায় পুলিশের তল্লাশি চৌকির কাছে পৌঁছার পর চাঁদপুর-কুমিল্লা সড়কে একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার চারজন যাত্রী। গুরুতর আহত অটোরিকশার চালক মান্নান মারা যান হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও তাঁর দুই সহকারী চাঁদপুরগামী একটি বাসে উঠে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে রাখে এবং ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তাদের সঙ্গে জনতার ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে হাজীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম বলেন, নিহত যাত্রীদের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।