হাজীগঞ্জে ট্রাকচাপায় ছাত্র নিহতের ঘটনায় তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল শুক্রবার বালুবাহী ট্রাকের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকে অগ্নিসংযোগ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে এলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন।
নিহত মাদ্রাসাছাত্রের নাম শিপন (১৪)। সে হাজীগঞ্জ উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ব্যাপারী বাড়ির মৃত দুলাল হোসেনের ছেলে। শিপন বেলচোঁ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। গতকাল সকাল নয়টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কাজী রতন জানান, শিপন ও তার এক বন্ধু দুটি বাইসাইকেল নিয়ে বেলচোঁ বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রামগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক শিপনের সাইলকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিপন মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকে লাগানো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। জনতা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে। এ সময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে বেলচোঁ বাজার থেকে সেন্দ্রা বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় অবরোধ সৃষ্টি করে স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মচারী (ফায়ারম্যান) মো. আক্তার হোসেন জানান, জনতার হামলায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। এঁরা হলেন ফায়ারম্যান মো. আলাউদ্দিন (৩৬), মো. সেলিম হোসেন (২৬) ও মো. শিমুল হোসেন (২৪)। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।