হাজীগঞ্জে ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পে দুর্নীতির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পের পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সরকারিভাবে যথাযথ তদারকি না থাকায় এ সেচ প্রকল্পের পরিচালনা কমিটি প্রতিবছর কৃষকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পটি যথাযথভাবে পরিচালনা ও বর্তমান কমিটির দুর্নীতি-অনিয়ম বন্ধের জন্য উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের বাবুল পাটওয়ারী নামের একজন কৃষক কৃষিমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৯ সালে বোয়ালজুরি খালের মুখে ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পটি চালু হয়। তখন সরকারিভাবে এটি চলত। পরে চারদলীয় জোট সরকারের কতিপয় ব্যক্তির যোগসাজশে প্রকল্পটি লোকসানের মুখে পড়ে। পরে সেচ প্রকল্পটির কর্তৃত্ব অনায়াসে তাঁদের হতে চলে যায়। তাঁদের একজন বর্তমান সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক। তাঁর নাম আবদুল হাই পাটওয়ারী।লিখিত অভিযোগ ও খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পে প্রায় আট হাজার একর জমিতে পানি সেচ দেওয়া হয়। ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ পরিচালনা কমিটি প্রতিজন স্কিম ম্যানেজারের কাছ থেকে একরপ্রতি ৮০০ টাকা করে আদায় করেন। এতে আট হাজার একর জমি থেকে বছরে ৬৪ লাখ টাকা আদায় হয়।হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, হাজীগঞ্জ উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়। এর বেশির ভাগ জমিই ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ প্রকল্পের মধ্যে পড়েছে। স্কিম ম্যানেজাররা গন্ডাপ্রতি কৃষকদের কাছ থেকে কত টাকা নেবেন এ প্রসঙ্গে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, সরকারিভাবে গন্ডাপ্রতি টাকার হার নির্ধারণ করা হয়নি। স্কিম ম্যানেজার ও সেচ প্রকল্পের পরিচালনা কমিটি কৃষকদের সঙ্গে আলোচনা করে এটি নির্ধারণ করে থাকেন।উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি সমবায়ভিত্তিক সেচ পরিচালনা কমিটির ব্যবস্থাপক ছফিউল্যা মিয়াজী জানান, ‘আমরা কৃষকের কাছ থেকে গত বছর গন্ডাপ্রতি ১৬৫ টাকা নিয়েছি। আর ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ পরিচালনা কমিটিকে প্রতি একরে ৮০০ টাকা হিসাবে দিয়েছি।’ উপজেলার বলিয়া গ্রামের কৃষক মো. ইয়াছিন করাতি জানান, ‘গত বছর আমাদের কাছ থেকে স্কিম ম্যানেজার গন্ডাপ্রতি ১৬০ টাকা নিয়েছেন।’হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম অভিযোগ করেন, গতবছর আমাদের বাউড়া পশ্চিম মাঠে প্রতি গন্ডা জমি থেকে সেচ বাবদ ২৫০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু জমিতে সঠিকভাবে পানি সেচ দেওয়া হয়নি। আমরা জমির ধান না কেটেই স্কীম ম্যানেজারকে টাকা দিতে হয়েছে। কচুয়ার কাদলা গ্রামের কৃষক হানিফ অভিযোগ করে বলেন, স্কীম ম্যানেজারগণ তাদের ইচ্ছেমত টাকা ধার্য করেন। এখানে কৃষকদের মতামতের কোন মূল্য নেই।এ বিষয়ে ডাকাতিয়া-বোয়ালজুরি সেচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হাই পাটওয়ারী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারী বাবুল পাটওয়ারীর মাঠে এক ইঞ্চি জমিও নেই। সে প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে।’উপজেলা বিএডিসির কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. হারুন অর-রশিদ বলেন, ‘২৫ কিউসেক ও ১২.৫ কিউসেক পাম্প দুটি আমাদের। প্রতিবছর সেচ কমিটির সরকারি কোষাগারে পাম্পগুলোর ভাড়া বাবদ এক লাখ ৬০ হাজার টাকা জমা দেয়।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএডিসির কর্মকর্তা বলেন, ‘ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলী (সেচ) মো. হানিফ গত জুলাই মাসে বিষয়টি তদন্ত করে গেছেন। তবে তদন্ত কমিটির কোনো প্রতিবেদন এখনো আমার কাছে আসেনি।’