হাজীগঞ্জে ত্রাণের টিন বিতরণ হচ্ছে না দুই বছর ধরে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায়দের জন্য বরাদ্দ করা ৬৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা যাচ্ছে না। সুনির্দিষ্ট তালিকা না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসব টিন বিতরণ করতে পারছেন না। গত দুই বছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এসব টিন বরাদ্দ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুস্থ ও অসহায়দের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে গত বছর ৩৩ বান্ডিল এবং চলতি বছর ৩৫ বান্ডিল ঢেউটিন বরাদ্দ পাওয়া যায়। কিন্তু টিনগুলো বিতরণের জন্য ইউনিয়ন ও পৌরসভা থেকে সুবিধাভোগীদের নামের তালিকা এখনো পিআইওর কার্যালয়ে জমা দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সাংসদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিলে দুস্থ ও অসহায়দের তালিকা তৈরি করবেন। পরে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান এই তালিকা অনুমোদন দেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বরাদ্দ হওয়া ৩৩ বান্ডিল ঢেউটিন বিতরণের জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তালিকা করে পিআইওর কার্যালয়ে জমা দেন। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার এ তালিকায় কাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁরা সত্যিকার দুস্থ কি না, এ বিষয়ে আপত্তি করে ওই তালিকা অনুমোদন করতে অস্বীকার করেন। তাই গত বছরের বরাদ্দ করা ৩৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়নি। এ প্রসঙ্গে হাজীগঞ্জ উপজেলা পিআইও রেজাউল করিম বলেন, ‘তালিকা দেওয়ার জন্য এমপির প্রতিনিধিত্বকারী সরকারদলীয় নেতাদের বহুবার তাগাদা দেওয়া হয়েছে। তাঁরা আজ দিচ্ছি, কাল দিচ্ছি করে করে গত বছরের বরাদ্দ পাওয়া টিনগুলো বিতরণ সম্ভব হয়নি। এ বছর আরও ৩৫ বান্ডিল টিন পাওয়া গেছে। চলতি বছর ও গত বছরের টিনগুলো একসঙ্গে বিতরণের জন্য স্থানীয় নেতাদের তালিকা দেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। এখনো সুবিধাভোগীদের তালিকা পাওয়া যায়নি।’ জানতে চাইলে উপজেলার গন্ধব্যপুর (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘পিআইওর কার্যালয় থেকে এ ধরনের কোনো তালিকা আমার কাছে চাওয়া হয়নি।’ হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম তালিকাসংক্রান্ত জটিলতায় টিন বিতরণ সম্ভব হয়নি জানিয়ে বলেন, গত বছরের বরাদ্দ পাওয়া টিনগুলো এ বছরের টিনের সঙ্গে বিতরণের জন্য ঊর্ধ্বতন দপ্তরের অনুমতি চাওয়া হয়েছে।