চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মের দায়ে দুজন গাড়িচালককে কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক গাড়ির চালক ও মালিকের কাছ থেকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। যথাযথ কাগজপত্র না থাকায় চারটি গাড়ি আটক করা হয়।হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম হাজীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে আদালত বসিয়ে এ অভিযান পরিচালনা করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনা রোধ, অদক্ষ চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চলে। অভিযানের সময় গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে আদালত ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। চালকের লাইসেন্স না থাকায় জয়নাল আবেদীন নামের এক পিকআপ ভ্যানচালক ও কচুয়া-চাঁদপুর যাত্রাপথে চলাচলকারী ঈগল পরিবহনের চালক মো. মনির হোসেনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।