চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মামলার তথ্য ও ধারা গোপন করায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে এ রায় শোনানো হয়। তাঁদের মনোনয়ন বাতিল হওয়ায় কাউন্সিলর প্রার্থী নান্নু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে গেলেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় আক্তার হোসেন ও নান্নু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার নান্নু মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
অপর দুই প্রার্থী আলাউদ্দিন মুন্সী ও সাখাওয়াত হোসেন একে অন্যের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে। অভিযোগের ভিত্তিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান দুই কাউন্সিলরের মনোনয়ন বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।