হাজীগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার টাকা লুট, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গত মঙ্গলবার রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দুটি বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। ডাকাতদের হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ডাকাতি হওয়া পরিবারগুলোর মধ্যে একটি হচ্ছে ৪ নম্বর কালচোঁ ইউনিয়নের ওড়পুর গ্রামের পালবাড়ি ও অপরটি ৫ নম্বর সদর ইউনিয়নের অলিপুর গ্রামের ভাঙ্গাবাড়ী। সরেজমিনে গেলে পালবাড়ির গৃহকর্তা আ. রহমান জানান, ‘রাত ১২টার দিকে ২৫-৩০ জনের ডাকাতদল বিল্ডিংয়ের পাঁচটি দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতদল আমাদের সবাইকে বেধড়ক পেটাতে থাকে। পেটানোর পর হাত-পা বেঁধে বাড়ির সবাইকে একটি খাটের ওপর বসিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখে। এরপর বাড়ির সব কক্ষের মালামাল তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।’ অপরদিকে একই রাতে অলিপুর গ্রামের ভাঙ্গাবাড়ির প্রবাসী শাহ আলমের ঘরেও ডাকাতি হয়। প্রবাসী শাহ আলমের স্ত্রী মেরি জানান, ‘রাত সাড়ে ১২টার পরে ঘরে ডাকাতদের আনাগোনা শুনে ঘুম থেকে জেগে উঠি। চোখ খুলে দেখি চার-পাঁচজন মুখ বাঁধা ডাকাত ছুরি হাতে আমার চারদিকে দাঁড়িয়ে আছে। এ সময় তাঁরা চিৎকার না দিতে ও কী কী মালামাল আছে তা দিয়ে দেওয়ার জন্য বলে। আমি আলমারির চাবি দিয়ে দিই। পরে ডাকাতদল আলমারি খুলে সিন্দুকে রাখা ১০ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়।’