হাজীগঞ্জে নকল প্রতিরোধে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা এইচএসসি পরীক্ষা চলাকালে নকল প্রতিরোধের জন্য ১১টি কেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৪ হাজার ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ১২৩ জন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৪৮ জন ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৪৮০ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেবে।

গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, হাজীগঞ্জ থেকে নকল দূর করার জন্য ১০টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলার মধ্যে শুধু হাজীগঞ্জ উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এ ব্যবস্থা চালু করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘আমরা এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে নেওয়ার ক্ষেত্রে অনেকটা সফল হয়েছি। আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষাও নকলমুক্ত পরিবেশে নেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।