হাজীগঞ্জে নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ নেছারাবাদ ফাজিল মাদ্রাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উচ্চশিক্ষার জন্য তাদের এখন নম্বরপত্র (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) এবং প্রশংসাপত্র প্রয়োজন। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন কোনো নিয়ম-নীতি ও অনুমতি ছাড়াই এই দুটি পত্র আটকে দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, অধ্যক্ষ নাজিম চাইছেন উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে তাঁর মাদ্রাসার আলিম শ্রেণীতে ভর্তি হোক। এ জন্য তিনি শিক্ষার্থীদের নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে ওই টাকা আদায় করছেন। এ টাকা আদায় বাবদ কোনো রসিদও দিচ্ছেন না অধ্যক্ষ।মো. জসিম উদ্দিন নামের এক অভিভাবক অভিযোগ করেন, ‘আমি নিজে কচুয়ার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করি। নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য তেমন কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু অধ্যক্ষ নাজিম ওই দুটি পত্রের জন্য তিন হাজার ৫৫৭ টাকা দাবি করেন। অনেক বাদানুবাদের পর এক হাজার টাকায় নম্বরপত্র ও প্রশংসাপত্র দিয়েছেন। কোনো রসিদও দেননি।’ আরেক পরীক্ষার্থী রাশেদুুল হাসানের বড় বোন শাহনাজ পারভীন অভিযোগ করেন, ‘আমার ভাইকে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য অধ্যক্ষ নাজিম অন্তত ১৫ দিন ঘুরিয়ে দুই হাজার টাকার বিনিময়ে নম্বরপত্র ও প্রশংসাপত্র দিয়েছেন।’ এ ব্যাপারে অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন বলেন, প্রশংসাপত্রের জন্য ২০০ টাকা এবং আগের বকেয়া টাকা আদায় করা হচ্ছে। এ জন্য সবাইকে রসিদও দেওয়া হচ্ছে। নম্বরপত্রের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লেয়াকত জানান, কালচোঁ নেছারাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নম্বরপত্র ও প্রশংসাপত্র বাবদ অতিরিক্ত অর্থ আদায়সহ আরও অনেক অভিযোগ আসছে। কোনো শিক্ষার্থী বা অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।যোগাযোগ করা হলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলাম বলেন, নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য কোনো ফি নেওয়ার সুযোগ নেই। বকেয়া পাওনা থাকলে তা আদায় করতে পারে। তবে এ জন্য রসিদ দিতে হবে।