হাজীগঞ্জে নারী গণধর্ষণের শিকার
চাঁদপুরের হাজীগঞ্জে গত সোমবার রাতে এক নারী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয় সূত্রের অভিযোগ, সোমবার রাতে পাশের মতলব উপজেলার কাশিমপুর গ্রামের মিজান নামের এক যুবক ওই নারীকে ধর্ষণ করেন। পরে মোখলেছ, জুলহাস হোসেন, মিলনসহ পাঁচজন যুবক তাঁকে নিজ বাড়িতে রাতভর ধর্ষণ করেন। ওই নারীর মা ঘটনাটি ইউনিয়ন পরিষদের সদস্য রৌশন আরাকে জানান। রৌশন আরা নারীকে উদ্ধার করে ‘দুশ্চরিত্রবান’ আখ্যা দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।ধর্ষণের শিকার নারীর পরিবার সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে তাঁর বিয়ে হয়েছিল। কয়েক মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে তিনি মায়ের সঙ্গে থাকেন। তাঁর বাবা নেই। মা এলাকায় কাজকর্ম করে সংসার চালান। মুঠোফোনে জানতে চাইলে রৌশন আরা বলেন, ‘ঘটনাটি ইউপি চেয়ারম্যান জানবেন এবং দেখবেন।’ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হাদি মিয়া বলেন, ‘ওই নারী গণধর্ষণের শিকার হওয়ার পর তাঁকে গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আমি কাল (বৃহস্পতিবার) পরিষদে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’ এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত মিজান, মোখলেছ, জুলহাস ও মিলনকে পাওয়া যায়নি।