হাজীগঞ্জে পাঁচটি পাটের গুদাম পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পাঁচটি পাটের গুদাম ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি এতিমখানা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। দুই স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৩ জন আহত হয়েছেন। হাজীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে ছয়টি ছাগলের মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্যসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আবু হোরায়রা (২৪), উপজেলার সিদলা গ্রামের আবদুর রহমান (২৫) ও টোরাগড় গ্রামের মো. স্বপন (৩০)। সরাইলে আহত ব্যক্তিরা হলেন এতিমখানার তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান (৩৫), বিশুতারা গ্রামের আতিক মিয়া (৪২) ও মোতাহার হোসেন (৪০)।
হাজীগঞ্জ থানা সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত টোরাগড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পাটের গুদামগুলোতে আগুন লাগে। খবর পেয়ে কিছুক্ষণ পর হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বারেক মিয়ার এক হাজার মণ, আবদুর রবের তিন হাজার মণ ও বাদশা সরকারের চার হাজার মণ পাট পুড়ে যায়। আগুন লাগার পর কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের দেড় কোটি টাকার পাট পুড়ে গেছে। আবদুল বারেক ও বাদশা সরকার বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই।’
প্রত্যক্ষদর্শী কাজী জয়নালসহ একাধিক ব্যবসায়ী বলেন, বাদশা সরকারের পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টোরাগড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম সর্দার বলেন, আগুনে পাঁচটি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উদ্ধারকর্মী মফিজ উদ্দিন বলেন, আগুন লাগার পর স্থানীয় লোকজন বালতি দিয়ে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেন।
সরাইলের বিশুতারা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, সোমবার রাত ১০টার দিকে বিশুতারা মিফতাউল উলুম মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ সম্পর্কে এতিমখানা কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না। আগুনে চার কক্ষের একটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।