হাজীগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড, ৩০টি দোকান ভস্মীভূত
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পৌর হকার্স মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন। গত সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও থানার পুলিশ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয় লোকজন ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালান। আগুনের শিখা বাড়তে থাকলে শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও বাজারের দোকানমালিকেরা অভিযোগ করেন, আগুন লাগার পর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগকেন্দ্রে বহুবার ফোন করার পরও কেউ ফোন রিসিভ করেননি। এতে বিদ্যুতের লাইন বন্ধ করতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এ ছাড়া, রাস্তায় দড়ি দিয়ে ত্রিপল ও পলিথিন বাঁধা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক সময়ে ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি।