হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সংঘর্ষ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে হাজীগঞ্জ উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এলে যুবদলের নেতা এমরান হোসেন ও ছাত্রলীগের নেতা লিটনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবদলের নেতা এমরান হোসেন ছাত্রলীগের নেতা লিটনকে মারধর করলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের উত্তেজিত নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ে ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম, ছাত্রলীগের নেতা লিটন, খোরশেদ আলম এবং ছাত্রদলের নেতা মো. সোহেল হোসেন, জহির হোসেন, কামাল হোসেন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, পরান, মানিক, কবির হোসেন ও মামুন আহত হয়। হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হালকা সংঘর্ষের সৃষ্টি হয়।