হাজীগঞ্জে মিড্স আইটি ৪০ লাখ টাকা নিয়ে উধাও
তথ্যপ্রযুক্তি (আইটি) শিক্ষার নামে চাঁদপুরের হাজীগঞ্জে মিড্স আইটি ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি বহুধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম কোম্পানি) ৮০০ প্রশিক্ষণার্থীর প্রায় ৪০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।গত ৩০ জুন রাতে প্রতিষ্ঠানটির লোকজন কৌশলে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের মালামাল জব্দ করা হয়। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীবের শরণাপন্ন হন। হাজীগঞ্জ বাজারের ভাই ভাই কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির কার্যালয় ছিল। গত বছরের অক্টোবরে মিড্স আইটি সেখানে কম্পিউটার প্রশিক্ষণ ও স্পোকেন ইংলিশ কোর্সের কার্যক্রম শুরু করে। তিন মাসব্যাপী কোর্সের জন্য প্রশিক্ষণার্থী-প্রতি পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়। একজন প্রশিক্ষণার্থী আবার একজনকে ভর্তি করালে ৫০০ টাকা কমিশন পান।মিড্স আইটির প্রচারপত্রে বলা হয়, ‘আমরা একজন শিক্ষার্থীকে দুটি সুবিধা দিয়ে থাকি। একটি শিক্ষা, অপরটি উপার্জন।’ শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, ‘আমাদের প্রতিষ্ঠান কিছু প্যাকেজ আকারে আইটি শিক্ষা চালু করেছে। আর উপার্জনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকায় আপনি পাচ্ছেন, একটি বিজনেস সেন্টার। ওই সেন্টার থেকে মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন।’ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপজেলার ভাউরপাড় গ্রামের আরিফ উল্যা ওরফে বিলাস, মতিউর রহমান ওরফে ফারুক ও পারভেজ হোসেন প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন। প্রশিক্ষণার্থী মহিন উদ্দিন, ইয়াছিন পাটওয়ারী ও ইমন সাহা অভিযোগ করেন, এখানে ভর্তি হওয়ার সময় প্রশিক্ষণের পাশাপাশি আজীবন সদস্যপদ ও দিনে ৪৫ মিনিট ইন্টারনেট ব্রাউজের সুবিধা দেওয়ার কথা ছিল। এসব সুবিধা দূরে থাক, প্রশিক্ষণই দিতে পারেনি তারা।হাজীগঞ্জ বাজার এলাকার আসাদুজ্জামানসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা নিজেরা ভর্তি হয়েছি এবং একেকজন ৮-১০ জন করে ভর্তি করিয়েছি। এখন টাকা ফেরত না দিলে, আমাদের পকেট থেকে দিতে হবে।ভাই ভাই কমপ্লেক্সের মালিক হেদায়েত উল্যা জানান, গত ৩০ জুন রাতে একটি পিকআপভ্যান এনে মিড্স আইটির লোকজন ৩২টি কম্পিউটার মনিটর ও কিছু যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তিনি এসে বাধা দেন। পরদিন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কাছে লিখিত অভিযোগ দেন তিনি।হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, ‘আমরা শিক্ষার্থী ও মালিকপক্ষকে নিয়ে বসেছি। শিক্ষার্থীদের অভিযোগ অনুসারে মালিকপক্ষকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই আবার বৈঠকে বসব।’৫ জুলাই সালিস বৈঠকে আরিফ উল্যার নানা হাজীগঞ্জ পৌরসভার ধেররা চৌধুরী বাড়ির বাসিন্দা শাহানুর রহমান চৌধুরী ভুক্তভোগী শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে ওই বৈঠকে আরিফ উল্যা, মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির মূল মালিকদের কেউ উপস্থিত ছিলেন না।মিড্স আইটির স্পোকেন ইংলিশ কোর্সের প্রশিক্ষক ও হাজীগঞ্জ মডেল কলেজের খণ্ডকালীন শিক্ষক ইমাম হোসাইন বলেন, ‘আমি শিক্ষকতার পাশাপাশি ৮৬ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছি। আমার জানামতে, মিড্স আইটি কোনো শিক্ষার্থীর প্রশিক্ষণ শেষ করতে পারেনি এবং কাউকে সনদও দেয়নি। তাদের প্রতারণার কারণে এখন শিক্ষার্থীদের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না।’ প্রতিষ্ঠানটির সদস্যের সংখ্যা ৮০০-এরও বেশি বলে জানান তিনি।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লোকমুখে মিড্স আইটির বিষয়টি শুনেছেন। কেউ অভিযোগ নিয়ে এলে ব্যবস্থা নেবেন।