হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা বাছাইয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শনাক্ত করা ৪০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৮ জনই অমুক্তিযোদ্ধা বলে জানা গেছে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে, মন্ত্রণালয়ের বাতিল করা ফরম পূরণ, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন না করা এবং জেলা প্রশাসকের অননুমোদিত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। অনেক মুক্তিযোদ্ধাকে মুক্তিবার্তা, বাংলাদেশ গেজেট ও সার্টিফিকেটে তাঁদের নাম থাকার পরও অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে আর্থিক সুবিধার বিনিময়ে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্র জানায়, অভিযুক্ত ২৩১ জন মুক্তিযোদ্ধাকে গত ২৭ থেকে ৩১ আগস্টের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাতিল করা ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়। যাঁরা ফরম পূরণ করেন, তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয় ১ ও ২ সেপ্টেম্বর। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের ২৩১ জন অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৫ সেপ্টেম্বর জেলা কমান্ডার বরাবর প্রতিবেদন দাখিল করেন। কিন্তু ৪ সেপ্টেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ছয়জন সদস্য কমান্ডারের অবৈধ যাচাই-বাছাই প্রক্রিয়া বাতিল করার জন্য জেলা কমান্ডার এম এ ওয়াদুদ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে পাঠানো হয়।জেলা কমান্ডার বরাবর পাঠানো প্রতিবেদন ও উপজেলা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, ২৩১ জন অভিযুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ১১১ জন ফরম পূরণ করে যাচাই-বাছাই কমিটিতে সাক্ষাৎকার দিয়েছেন। এর মধ্যে উপজেলা কমান্ডার ৪০ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করেন, তিনজনকে জেলা কমিটিতে আপিলের সুযোগ দেন এবং ৬৮ জনকে অমুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া বাকি ১২০ জন মুক্তিযোদ্ধার মধ্যে ২৪ জন ফরম নিয়ে জমা দেননি, ৩০ জন ফরমই নেননি, আর ৫২ জন উচ্চ আদালতে রিট করেছেন। অবশিষ্ট ১৪ জন সম্পর্কে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বি এম মহসিন জানান, হাজীগঞ্জে যে ফরম পূরণের মাধ্যমে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে, ১২ জুলাই মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রজ্ঞাপনে ওই ফরম বাতিল করা হয়েছে। সারা দেশে মুক্তিযোদ্ধাদের আপত্তি ও আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ছাপানো ১৪ পাতার ফরম বাতিল করে দুই পাতার ফরম পূরণের জন্য তা জেলা ও উপজেলা পর্যায়ে পাঠিয়েছে মন্ত্রণালয়।বি এম মহসিন অভিযোগ করেন, উপজেলা কমান্ডার আবু তাহের ও সদস্যসচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাতিল করা ফরম পূরণ এবং অবৈধ লেনদেনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, উপজেলা কমান্ডার অবৈধ যাচাই-বাছাইয়ের মাধ্যমে যে ৪০ জনের তালিকা পাঠিয়েছেন সেখানেও ১৮ জন অমুক্তিযোদ্ধা রয়েছেন।যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মন্ত্রণালয় থেকে কোনো কাগজপত্র আসে না। উপজেলা কমান্ডার যেসব নথি দেন তার ভিত্তিতে আমাকে কাজ করতে হয়।’ তিনি দাবি করেন, বিধি মোতাবেক ফরম পূরণ করা হয়েছে।উপজেলা কমান্ডার আবু তাহের বলেন, ‘জেলা কমান্ডারের নির্দেশে ফরম পূরণ করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হলে তা জেলা কমান্ডার দেখবেন। তা ছাড়া আমি নিয়মনীতির মধ্যে কাজ করেছি। আমার বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন তাঁরা কেন করেছেন তা তাঁরাই ভালো বলতে পারবেন।’