হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত রোববার উপজেলার সৈয়দপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

আদালত থেকে এ-সংক্রান্ত আদেশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক, জেলা প্রশাসক, ইউএনও ও উপজেলা যাচাই-বাছাই কমিটির ছয় সদস্য বরাবর পাঠানো হয়েছে। রিটকারীর পক্ষে আদালতে আবেদন উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শংকর চন্দ্র দাস।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান মজুমদার বলেন, তিনি গতকাল সন্ধ্যায় আদালতের আদেশের অনুলিপি পেয়েছেন। এ জন্য আজ থেকে যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত থাকবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে, রিট আবেদনকারী মোজাম্মেল হায়দার চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত দুবার হাজীগঞ্জের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ কমিটির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের অবহেলায় যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ মের মধ্যে সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শেষ করতে বলা হয়েছে । কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জেলা কমান্ডার এম এ ওয়াদুদ বলেন, ‘আমরা যাচাই-বাছাই প্রক্রিয়া শুরুর জন্য গতকাল সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি সভা করেছি। আজ মঙ্গলবার থেকে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।’ হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে জানতে চাইলে, জেলা কমান্ডার বলেন, ‘এখনো আদালত থেকে স্থগিতাদেশের কোনো নোটিশ আমরা পাইনি। মন্ত্রণালয় থেকেও কোনো নির্দেশনা আসেনি । স্থগিতের কোনো চিঠি এলে যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ রাখা হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনওর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।