হাজীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে মো. সুমন মারওয়ান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাজীগঞ্জ থানা পুলিশ উপজেলার কলচোঁ উত্তর ইউনিয়নের হাজীগঞ্জ-রঘুনাথপুর সড়কের সিহিরচোঁ এলাকার বোয়ালজুড়ি খালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুমনের গ্রামের বাড়ি হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া মারওয়ান বাড়ি। তাঁর বাবার নাম মৃত আ. মমিন মারওয়ান। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনের মামা জয়নাল মজুমদারের ঢাকায় চামড়াশিল্পের কারখানা রয়েছে। সুমন সিহিরচোঁ গ্রামে মামার বাড়িতে থেকে মামার সম্পত্তি দেখাশোনা করতেন। তিনি সরল প্রকৃতির। হাজীগঞ্জ থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে সুমন এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বেলা ১১টায় সুমনের মামা শাহজাহান মজুমদার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর এক ঘণ্টা পর স্থানীয় লোকজন সুমনের লাশ বোয়ালজুড়ি খালের পাশে দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী হাজীগঞ্জ থানার উপপরিদর্শক সাইফুদ দৌলা বলেন, সুমনের গলায় ও পেটে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।