চাঁদপুরের হাজীগঞ্জে দুই পক্ষের দ্বন্দ্বে শতাধিক একর জমি অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের মতামত অগ্রাহ্য করে মোবারক হোসেন প্রধানিয়া নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে সেচ প্রকল্পের সভাপতি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষকেরা ওই নেতাকে প্রকল্পের সভাপতি না করার জন্য গতকাল রোববার দুপুরে স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর উপজেলার কালচোঁ (উ.) ইউনিয়নের মাড়কী গ্রামের মাড়কী সমবায়ভিত্তিক সেচ প্রকল্পের সভাপতি ছিলেন জুনাব আলী মিয়াজী। কিন্তু এলাকার তাজুল ইসলাম নামের এক ব্যক্তি এবার ওই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা বশির উদ্দিন সরকারের কাছে আবেদন করেন। গত ১৪ জানুয়ারি জুনাব আলী মিয়াজী ও তাজুল ইসলামের পক্ষের লোকজনকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে ইউএনও বিদুষী চাকমা তাজুল ইসলামের পক্ষের মোবারক হোসেন প্রধানিয়া ও ইউছুফ এবং জুনাব আলী মিয়াজীর পক্ষের আবদুস ছাত্তার মিয়াজী ও ফজলুল হক মিয়াজীকে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে সেচ প্রকল্প পরিচালনার দায়িত্ব দেন। কিন্তু কৃষি কর্মকর্তা গত ১৮ জানুয়ারি কালচোঁ (উ.) ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন প্রধানিয়াকে সেচ প্রকল্পের সভাপতি নির্বাচন করে চাঁদপুর পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপককে লিখিতভাবে বিষয়টি জানান।এ খবর পেয়ে শতাধিক কৃষক মোবারক হোসেন প্রধানিয়াকে সেচ প্রকল্পের সভাপতি না করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গত ২৬ জানুয়ারি একটি আবেদন করেন। আবেদনপত্রে কৃষকেরা অভিযোগ করেন, উক্ত সেচ প্রকল্পে মোবারক হোসেন প্রধানিয়ার কোনো জমি নেই। তাঁরা মোবারক হোসেনের পরিচালনায় সেচ প্রকল্প চালাতে আগ্রহী নন।মাড়কী গ্রামে গিয়ে দেখা গেছে, উপায় না পেয়ে কয়েকজন কৃষক ডিজেলচালিত পাম্পের সাহায্যে সেচ দিয়ে জমিতে চারা রোপণ করেছেন। স্থানীয় কৃষক আবদুল গনি, মো. খাজা ও হাসান আলী বলেন, ‘অন্যান্য সেচ প্রকল্পের আওতায় থাকা জমিতে চারা রোপণের কাজ শেষ পর্যায়ে। আর দুই পক্ষের ধাক্কাধাক্কিতে আমাদের জমি অনাবাদি পড়ে আছে। এ কারণে এলাকার শতাধিক একর জমি অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে।’উপজেলা কৃষি কর্মকর্তা বশির উদ্দিন সরকার বলেন, ‘সেচ প্রকল্পটি নিয়ে আমরা মহা ঝামেলায় পড়েছি। ইউএনও স্যারসহ আমরা দুই পক্ষের চারজনকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তাঁরা চারজন একমত হতে পারেননি। আর বিষয়টি এখন রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। এখন আমরা দুই পক্ষকে বাদ দিয়ে তৃতীয় একজনকে দিয়ে প্রকল্পটি চালাতে চাচ্ছি। সেখানেও কোনো গ্রহণযোগ্য লোক পাচ্ছি না। আর জমি যাতে অনাবাদি না থাকে সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’মোবারক হোসেন প্রধানিয়া বলেন, ‘সেচ প্রকল্পে আমার দুই গন্ডা জমি আছে। কৃষি অফিস থেকে আমাকে প্রকল্পটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সে মোতাবেক পল্লী বিদ্যুত্ অফিস থেকে আমার নামে মিটার নিয়েছি। দু-তিন দিনের মধ্যে জমিতে পানি দেওয়া শুরু করব।’